ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন মৃধা (৬৫)। তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর গ্রামে একা বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তানরা ঝালকাঠি পৌর শহরে থাকেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, দেলোয়ার হোসেন বাড়িতে কৃষিকাজ ও পশুপালন করতেন। কাজে সহায়তা করতেন সোহরাব হোসেন (৪০) নামের এক ব্যক্তি, যিনি নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। পারিবারিক সূত্র জানায়, দেলোয়ার হোসেন সম্প্রতি পেনশনের টাকা উত্তোলন করেন, যা বাড়িতে রাখা ছিল। শনিবার দুপুরে স্বজনরা বাড়িতে গিয়ে তাঁর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে গলাকাটা মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির কাজের লোক সোহরাব টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর পকেট থেকে দেলোয়ারের কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহভাজন সোহরাব হোসেনকে আটক করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
ট্যাগ: #ঝালকাঠি #হত্যাকাণ্ড #সেনাসদস্য #অপরাধ #বাংলাদেশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন