সাইবার হামলায় ১৫০ কোটি ডলারের ক্রিপ্টো মুদ্রা লোপাট

 সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইবিট সাইবার হামলার শিকার হয়েছে। এতে প্রায় ১৫০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা চুরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, এটি অনলাইনে হওয়া সবচেয়ে বড় চুরির ঘটনাগুলোর মধ্যে একটি।




বাইবিটের পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রিয় ডিজিটাল মুদ্রা ইথেরিয়াম রুটিন লেনদেনের সময় এক সাইবার অপরাধী অত্যাধুনিক কৌশলে অর্থ একটি অজ্ঞাত ওয়ালেটে স্থানান্তর করে নেয়। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে গ্রাহকদের বিনিয়োগ নিরাপদ রয়েছে। বাইবিটের সিইও বেন ঝু বলেন, ‘হ্যাক হওয়া সম্পদ উদ্ধার করা সম্ভব না হলেও আমাদের প্রতিষ্ঠান সচল রয়েছে, এবং আমরা গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত।’

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই এক্সচেঞ্জের প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েল। বিশাল অঙ্কের এই চুরির ঘটনার পর ইথেরিয়ামের বাজার মূল্য প্রায় ৪ শতাংশ কমে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে তাদের ক্রিপ্টো সম্পদ দ্রুত বিক্রি করে দিচ্ছেন।

এই ঘটনা ২০২২ সালে হওয়া রনিন নেটওয়ার্কের ৬২ কোটি ডলার চুরির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা তখনকার অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ছিল। বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টো লেনদেনের নিরাপত্তা জোরদার করা এখন জরুরি হয়ে উঠেছে।



#ট্যাগ: #সাইবার_হামলা #ক্রিপ্টো #হ্যাকিং #ডিজিটাল_চুরি #ব্লকচেইন #সাইবার_নিরাপত্তা #ক্রিপ্টো_স্ক্যাম #হ্যাকিং_আক্রমণ #ডিজিটাল_মুদ্রা

মন্তব্যসমূহ