ইন্টারিম সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন মো. নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরের পর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে পতাকা ছাড়া গাড়িতে চড়ে যমুনা ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র মতে, নাহিদ ইসলামের পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি ছাত্র ও জনতার পাশে দাঁড়ানোকে অধিক গুরুত্বপূর্ণ মনে করেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে পাঠানো চিঠিতে নাহিদ ইসলাম লেখেন, ‘শ্রদ্ধার সঙ্গে আপনাকে সালাম জানাচ্ছি। সর্বপ্রথম, আমি জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ও আহত সকল সহযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। রক্তাক্ত সেই আন্দোলনের পর পরিবর্তনের যে ডাক উঠেছে, তাতে সাড়া দিয়ে আপনার নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
তিনি আরও লেখেন, ‘৮ আগস্ট শপথ নেওয়ার পর আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। নানা চ্যালেঞ্জের মাঝেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। তবে বর্তমান বাস্তবতায় আমি বিশ্বাস করি, দেশ ও জাতির স্বার্থে এখন আমার ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন। তাই আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন মনে করছি। সে কারণে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি এবং অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।’
সূত্র মতে, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করবেন। আগামী শুক্রবার দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।
#নাহিদ_ইসলাম #পদত্যাগ #নতুন_রাজনীতি #ছাত্র_আন্দোলন #বাংলাদেশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন