মুড়িতে ক্ষতিকর লবণ ব্যবহার, পিরোজপুরে দুই কারখানার জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় মুড়ি উৎপাদনে ক্ষতিকর শিল্প গ্রেডের লবণ ব্যবহারের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।




ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং বিএসটিআইয়ের পরিদর্শক ইয়াছির আরাফাত। অভিযানে ‘খই-মুড়ি প্রোডাক্টস’ ও ‘হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ’ নামের দুটি কারখানায় খাদ্য উপযোগী লবণের পরিবর্তে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে মুড়ি তৈরি করা হচ্ছিল। বিএসটিআই আইন-২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় এসব কারখানা থেকে উদ্ধার করা ক্ষতিকর লবণ জনসমক্ষে নষ্ট করা হয়। একই সঙ্গে, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া দই উৎপাদন করায় ‘সাতক্ষীরা ঘোষ ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ: #পিরোজপুর #ভ্রাম্যমাণ_আদালত #নকল_পণ্য #ভোক্তা_অধিকার


মন্তব্যসমূহ