তুচ্ছ বিষয়ে রাগান্বিত হওয়া স্বাভাবিক, তবে তা সামলানোই আসল বুদ্ধিমত্তা। অনেক সময় ছোটখাটো বিষয় থেকেও তর্ক-বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি হয়। অথচ একটু সংযম দেখালে জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। অন্য কেউ আপনার মেজাজ খারাপ করলেই কী তাঁকে গুরুত্ব দেওয়া উচিত? এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত!
যদি মন শান্ত রাখা যায়, তাহলে জীবনের সৌন্দর্য অনেক গভীরভাবে উপলব্ধি করা সম্ভব। যে কারণে রাগ হচ্ছে, সেটাকে খুব বেশি গুরুত্ব না দিলেই দেখবেন মেজাজও নিয়ন্ত্রণে থাকবে। আর যদি রাগের কারণ হয়ে ওঠে কাছের কেউ, তবে উত্তেজনার মুহূর্তে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি ঠান্ডা হলে বিষয়টি নিয়ে কথা বলাই শ্রেয়। আর যদি সে ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ নাও হয়, তবে তাঁকে নিয়ে মাথা ঘামানোর দরকারই বা কী?
তবে হুটহাট মেজাজ গরম হয়ে গেলে নিজেকে সামলানোর কিছু কৌশল জানা থাকলে তাৎক্ষণিক রাগ প্রশমিত করা সহজ হয়। পাশাপাশি, রাগের কারণ বিশ্লেষণ করলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোও সহজ হয়ে যায়। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক জানালেন, কীভাবে মেজাজকে নিয়ন্ত্রণে রাখা যায়।
শান্ত থাকার কৌশল
১. প্রতিক্রিয়া দেওয়ার আগে সময় নিন
কেউ যতই খারাপ ব্যবহার করুক, হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর শ্বাস নিন। একটু সময় নিন ভাবার জন্য— বাস্তবেই রেগে যাওয়ার মতো কিছু ঘটেছে, নাকি এটা সামলানো সম্ভব? উত্তেজনার বশে বলা ‘উচিত জবাব’ আসলে কোনো সমাধান নয়। উল্টো এতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।
২. ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
রেগে গিয়ে বলা কথাগুলো সচরাচর ইতিবাচক হয় না। তাই প্রতিক্রিয়া জানাতে হলে ইতিবাচকভাবে জানান। কোন ব্যাপারটি আপনাকে কষ্ট দিচ্ছে, তা শান্তভাবে বুঝিয়ে বলা বা পরিস্থিতি ঠান্ডা হলে কথা বলা উত্তম। কেউ অসম্মানজনক কথা বললেই আপনার বা আপনার পরিবারের মানহানি হবে, তা নয়। বরং নিজেকে সংযত রেখে পরিস্থিতি মোকাবিলা করাই প্রকৃত আত্মনিয়ন্ত্রণের পরিচয়।
৩. মনোযোগ অন্য দিকে সরিয়ে নিন
রাগান্বিত হলে সঙ্গে সঙ্গে মনোযোগ সরানোর চেষ্টা করুন। ঘরে থাকলে গোছগাছ করুন, অফিসে হলে টেবিলের সামগ্রী সাজিয়ে নিন বা কিছুক্ষণের বিরতি নিন। সম্ভব হলে কানে হেডফোন দিয়ে পছন্দের গান শুনুন, পছন্দের কোনো দৃশ্য কল্পনা করুন বা প্রার্থনায় মন দিন। শরীরচর্চা, হাঁটাহাঁটি, বই পড়া বা টেলিভিশন দেখাও ভালো কৌশল হতে পারে।
৪. মেজাজ হারালে পর্যালোচনা করুন
যদি রাগ করে ফেলেন, তবে পরে নিজেকে বিশ্লেষণ করুন। ঠিক কী কারণে মেজাজ খারাপ হয়েছিল? কীভাবে আপনি প্রতিক্রিয়া দেখিয়েছেন? তার বদলে কী করা যেত? এভাবে ভাবলে ভবিষ্যতে রাগ নিয়ন্ত্রণ সহজ হবে। চাইলে ‘রাগের ডায়েরি’ রাখতে পারেন, যেখানে রাগের মুহূর্তগুলো লিখে রাখবেন। এতে ধীরে ধীরে নিজের আচরণ বোঝার সুযোগ তৈরি হবে।
শান্ত থাকুন, জীবনকে উপভোগ করুন
অপ্রয়োজনীয় রাগ ও ঝগড়ার ফলে শুধু মানসিক শান্তিই নষ্ট হয় না, বরং দৈনন্দিন জীবনের গতি বাধাগ্রস্ত হয়। তাই অযথা উত্তেজনার চেয়ে নিজের ভালো লাগার কাজে মন দিন, জীবনের সৌন্দর্য উপভোগ করুন। মনে রাখবেন, মেজাজ ঠিক রাখা সম্পূর্ণ আপনার হাতেই।
ট্যাগ:
#মেজাজ_নিয়ন্ত্রণ #শান্ত_থাকার_কৌশল #রাগ_নিয়ন্ত্রণ #মনোবিজ্ঞান #লাইফস্টাইল #স্ট্রেস_মোকাবিলা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন