আমিনবাজারের পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।



আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

উপকেন্দ্রটি ৪০০/১৩২ কেভির পাওয়ার গ্রিডের অন্তর্গত, যেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয় এবং টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এই ঘটনার পর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

#আমিনবাজার #আগুন #ফায়ার_সার্ভিস #পাওয়ার_গ্রিড #বাংলাদেশ


মন্তব্যসমূহ