প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, দেশের মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
আজ রোববার জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন। রাজধানীর নির্বাচন ভবনের সামনে আয়োজিত এই শোভাযাত্রায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মতো এবারও ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সিইসি জানান, দেশের মোট নারী ভোটার সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন।
২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে এই নতুন সংখ্যা চূড়ান্ত হয়েছে। গত বছর ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন ভোটার।
এদিকে, চলতি বছরের হালনাগাদ কার্যক্রম ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটি এখনও চলমান রয়েছে।
ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ট্যাগ: #জাতীয়ভোটারদিবস #নির্বাচন #ভোটারতথ্য #বাংলাদেশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন