ছিনতাইকারীর চমক: ‘ও তো নাটক করে, মোবাইল নিছি ঝামেলা হইবো’

শুটিং শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ, যিনি ‘বান্টি’ নামে বেশি পরিচিত। শনিবার রাত ১১টার দিকে ৩০০ ফিট এলাকার কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরপরই তিনি এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হন।




প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে হারুন জানান, রাত ১০টা ৫০ মিনিটের দিকে তিনি সিএনজিচালিত অটোরিকশায় কমলাপুরের উদ্দেশে রওনা দেন। তবে পাঁচ মিনিট যেতেই অটোরিকশাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক সমস্যার কারণ খুঁজতে থাকলে হঠাৎ পাশের একটি গলি থেকে দুটি মোটরবাইকে চারজন তরুণ এসে উপস্থিত হয়। তাদের পেছনে বসা দু’জনের হাতে ছিল ধারালো চাপাতি এবং একটি লম্বা অস্ত্র।

হারুন বলেন, ‘একজন অস্ত্র উঁচিয়ে কোপ দেওয়ার ভঙ্গি করলে আমি বুঝে যাই বিপদ ঘনিয়ে এসেছে। তখন বলি, ভাই, যা আছে নিয়ে যান, আমাকে ক্ষতি করবেন না। সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল সব দিয়ে দিই।’

অভিনেতার কথায়, ছিনতাইকারীরা তার মানিব্যাগ খুলে টাকা নিয়ে নেয়। কার্ড আছে কিনা জানতে চাইলে তিনি জানান, নেই। এরপর তারা মানিব্যাগ ফেরত দেয়। ঠিক তখনই একটি তরুণ অন্যজনকে বলে, ‘উনি তো নাটক করে, মোবাইল নিছি ঝামেলা হইবো, বাদ দে চল।’ তারপর দ্রুত স্থান ত্যাগ করে তারা। যাওয়ার আগে চালককেও সরিয়ে দেয়।

এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হারুন রশিদ। তিনি বলেন, ‘এমন ঘটনা শুধু শুনতাম, এবার নিজেই সম্মুখীন হলাম। আমি অসহায়ের মতো বসে ছিলাম। রাস্তার পাশে গিয়ে কিছু গাড়ি থামানোর চেষ্টা করি, কিন্তু কেউ থামাতে চাননি। পরে এক ভদ্রলোক আমাকে চিনতে পেরে তার গাড়িতে তুলে কুড়িল বিশ্বরোড পর্যন্ত নামিয়ে দেন।’

রাত তখন প্রায় ১২টা। সঙ্গে কোনো টাকা ছিল না। এক দোকানে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলে আরেকটি সিএনজিতে বাসায় ফেরেন। তিনি বলেন, ‘বাসায় ফিরেও আতঙ্ক কেটে যায়নি। বারবার ঘটনার মুহূর্তগুলো মনে পড়ছিল।’

হারুন রশিদ মনে করেন, একা আসাটাই তার ভুল ছিল। তিনি বলেন, ‘শুটিংয়ের গাড়ির ব্যবস্থাই থাকে। গতকাল একটু আগে শুটিং শেষ হওয়ায় একাই ফিরছিলাম, যা উচিত হয়নি। সহকর্মীদের পরামর্শ দেব, এমন ভুল যেন কেউ না করেন।’

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘এই এলাকায় বাইকের ছিনতাইয়ের ঘটনা আগেও শুনেছি। এবার সিএনজিতেও ঘটল। অনুরোধ করব, যেন এমন অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’

উল্লেখ্য, ঈদের দুটি নাটকের শুটিং শেষ করে ফিরছিলেন এই অভিনেতা। নাটকের পরিচালক এম আকাশ।

ট্যাগ: #অভিনেতা #ছিনতাই #নিরাপত্তা #শুটিং #৩০০ফিট



মন্তব্যসমূহ