ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে গত সাত দিনে (২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ) ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, নকল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ক্যাটাগরির জাল পাসপোর্ট, মুঠোফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার মিরপুর ১, ভাষানটেক, ইসিবি চত্বর, কাঁঠালবাগান, হাজারীবাগসহ টঙ্গী, নরসিংদী, রাজেন্দ্রপুর, গাজীপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রাজশাহী, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালানো হয়।
এই অভিযানে সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, নকল ভোজ্যতেল ও নকল ফলের জুসের কারখানা শনাক্ত করে তা সিলগালা করা হয় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগ: #অভিযান #আইনশৃঙ্খলা #বাংলাদেশসেনাবাহিনী #গ্রেপ্তার #নিরাপত্তা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন