চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার ওজন ২ কেজি ৪১১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটিতে অভিযান পরিচালনা করে বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন। আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবীদ্বারের লিটন খান (২৬)।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ঢাকা থেকে আসা বাসে সোনা পাচার করা হচ্ছে। এরপর ৬-বিজিবির একটি দল ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ এলাকায় অবস্থান নেয় এবং নির্দিষ্ট বাসটি থামিয়ে তল্লাশি চালায়। সন্দেহভাজন দুই যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ১০,১৯০ টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হচ্ছে এবং জব্দ করা সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ট্যাগ: #সোনা_চোরাচালান #বিজিবি_অভিযান #চুয়াডাঙ্গা #আইনশৃঙ্খলা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন