মিঠুন চক্রবর্তীকে কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রেহাই, মে মাসে হবে পরবর্তী শুনানি



বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতায় দায়ের হওয়া সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের মামলায় সাময়িক রেহাই পেয়েছেন। গত বছরের ২৭ অক্টোবর, কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন কিছু বক্তব্য প্রদান করেছিলেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে তৃণমূল কর্মীরা মামলা করেছিলেন।

বিজেপির ওই সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন, এবং মিঠুন চক্রবর্তী তাঁর সামনে ওই মন্তব্য করেন। এই মন্তব্যের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়, একটি বউবাজার থানায় এবং আরেকটি বিধাননগর দক্ষিণ থানায়।

মিঠুন চক্রবর্তী বিধাননগর থানায় দায়ের হওয়া মামলাটি খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ২০ মে পর্যন্ত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। আদালত তদন্ত স্থগিত করে এবং সব পক্ষের বক্তব্য হলফনামার মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেয়। মে মাসে পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ:
#মিঠুন_চক্রবর্তী #কলকাতা_হাইকোর্ট #সাম্প্রদায়িক_মন্তব্য #বিজেপি_নেতা #মামলা #বাংলাদেশ #সাম্প্রদায়িক_বক্তব্য #বিজেপি


মন্তব্যসমূহ