নতুন বাংলাদেশের পথে শাসনকাঠামোর পরিবর্তন জরুরি: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান ও শাসনকাঠামো বহাল রেখে নতুন বাংলাদেশের নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে, যাতে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করা যায়।




আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, জনগণের লড়াই দীর্ঘায়িত করা হয়েছে। এবার যাতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যর্থ না হয়, সেজন্য শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়, বরং শাসনকাঠামো ও সংবিধানের আমূল সংস্কার করতে হবে।”

শাসনব্যবস্থা ও সংবিধান বদলের দাবি

নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বারবার ভেঙে পড়েছে, একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন একটি গণতান্ত্রিক সংবিধান, যা জনগণের অধিকার নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “আমরা ‘সেকেন্ড রিপাবলিক’ বা নতুন প্রজাতন্ত্রের ধারণা নিয়ে এগোচ্ছি। এজন্য প্রয়োজন একটি নতুন সংবিধান ও গণপরিষদ। জাতীয় নাগরিক পার্টি এই লক্ষ্যেই কাজ করছে।”

এনসিপির সাংগঠনিক বিস্তার ও নিবন্ধন প্রক্রিয়া

প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর এনসিপি এখন সংগঠনকে তৃণমূলে ছড়িয়ে দিতে চায় বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা দ্রুত সংগঠনকে শক্তিশালী করে নিবন্ধনের শর্ত পূরণের দিকে এগোচ্ছি। গঠনতন্ত্র তৈরির কাজও শুরু হবে এই মাসের মধ্যেই।”

গণ-অভ্যুত্থানের বিচার ও রাজনৈতিক সংস্কার

নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত দেখতে চাই। ১৫ বছর ধরে যারা দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। এই বিচার নিশ্চিত করার পর জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার ও সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এজন্য এনসিপি জনগণের দাবি আদায়ে অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

#নতুন_বাংলাদেশ #শাসনকাঠামো #গণঅভ্যুত্থান #রাজনীতি #এনসিপি


মন্তব্যসমূহ