চট্টগ্রামের রাউজানে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্র মুহাম্মদ ফয়সাল (১২) ছালামত উল্লাহ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রহমত উল্লাহ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী।
স্থানীয়রা জানান, পাকা দ্বিতল ভবনের দোতলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল ফয়সাল। হঠাৎ করে নিচতলায় সংযুক্ত একটি কাঁচা রান্নাঘরে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে বাড়ির অন্যান্য সদস্যরা বের হয়ে আসতে পারলেও ফয়সাল দোতলায় আটকা পড়ে।
আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালায়। কেউ ভবনের পাশে সিঁড়ি লাগিয়ে জানালা ভাঙার চেষ্টা করেন, আবার কেউ দেয়াল বেয়ে ছাদে ওঠেন। শেষ পর্যন্ত পাশের ঘরের দেয়াল ভেঙে ফয়সালকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফয়সালের চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানু বেগম দগ্ধ হয়েছেন।
সংবাদ পেয়ে রবিবার দুপুর ১২টায় দেশে ফিরে আসেন তার বাবা রহমত উল্লাহ। ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাউজান ফায়ার সার্ভিস জানায়, রান্নাঘরে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং আশপাশের দুটি কাঁচা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোতলায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে ফয়সালের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
ট্যাগ: #রাউজান #আগুন #দুঃসংবাদ #স্কুলছাত্র #মর্মান্তিকদুর্ঘটনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন