ভিডিও স্ট্রিমিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। শুধু বিনোদন নয়, কনটেন্ট নির্মাতা ও দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে প্ল্যাটফর্মটি নতুন নকশা এবং সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টকে আরও গুরুত্ব দিচ্ছে।
প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে ইউটিউব এখন তৃতীয় পক্ষের কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা করছে। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিযোগীদের সঙ্গে বাজার ধরে রাখতে সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট আরও দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিন্যাসে, টিভি অ্যাপে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ হবে এবং বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে প্রদর্শিত হবে, যা অনেকটা ডিজনি প্লাস বা নেটফ্লিক্সের মতো হতে পারে।
ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কার্ট উইলমস জানিয়েছেন, কনটেন্ট নির্মাতারা এবার তাঁদের ভিডিওগুলো নির্দিষ্ট শো পেজে পর্ব ও সিজন অনুযায়ী সাজাতে পারবেন। এর ফলে দীর্ঘমেয়াদি সিরিজ বা সিজনভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়া আগের চেয়ে সহজ হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের টিভি অ্যাপে যখন কেউ কোনো ভিডিও খুঁজবেন, তখন এটি এমনভাবে উপস্থাপন করা হবে যে সেটি সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট নাকি সাধারণ নির্মাতার তৈরি ভিডিও, তা আলাদা করা কঠিন হবে।’
সব মিলিয়ে ইউটিউবের এই নতুন পরিবর্তন ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় এবং সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের গুরুত্ব বাড়াবে বলে মনে করা হচ্ছে। শিগগিরই এই নতুন আপডেট চালু হতে পারে।
ট্যাগ: #YouTubeUpdate #নতুন_নকশা #সাবস্ক্রিপশন #ভিডিও_স্ট্রিমিং

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন