ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে দেওয়া এই ‘শেষ সতর্কবার্তা’তে তিনি বলেছেন, দ্রুত মুক্তি না দিলে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বার্তা দেন।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাঠিয়েছি, কাজটি শেষ করার সময় এখনই। যদি তোমরা আমার কথা না শোনো, তবে কোনো হামাস সদস্যই নিরাপদ থাকবে না।’
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে যোগাযোগ না করার নীতি মেনে চললেও এবার পরিস্থিতি ভিন্ন। এই আলোচনার আগে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
ট্রাম্পের হুঁশিয়ারির অংশ হিসেবে তিনি বলেন, ‘পরে নয়, এখনই সব জিম্মিকে মুক্তি দাও এবং নিহতদের মরদেহ ফেরত দাও। অন্যথায় তোমাদেরই এর খেসারত দিতে হবে।’ হামাস নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে, গাজা ছেড়ে চলে যাও।’
গাজার সাধারণ মানুষকেও সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি তোমরা জিম্মিদের আটকে রাখো, তাহলে তোমরা শেষ। তবে মুক্তি দিলে তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
এদিকে, ইসরায়েল দাবি করেছে, গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত থাকতে পারেন। তাঁদের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প আগেও হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তবে এবার সরাসরি ‘চূড়ান্ত বার্তা’ দিলেন।
ট্যাগ: #TrumpWarning #GazaCrisis #Hamas #USForeignPolicy
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন