মাগুরার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ

মাগুরার সেই শিশুর চিকিৎসার খোঁজ নিতে আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এ সময় সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, ৬ মার্চ ঘটনার দিনই স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে সর্বোচ্চ চিকিৎসাসেবার আশ্বাস দেন। গতকাল শনিবার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। অপরাধীরা যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ এ ধরনের নৃশংস ঘটনায় জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।

ট্যাগ: #নারীর_নিরাপত্তা #বিচার_নিশ্চিতকরণ #স্বরাষ্ট্র_উপদেষ্টা #মাগুরা



মন্তব্যসমূহ