নেত্রকোনায় নেওয়াজ ফকিরের মাজারে হামলা, তোরণ-আলোকসজ্জা ভাঙচুর

নেত্রকোনার কেন্দুয়ায় বার্ষিক ওরসের প্রস্তুতির সময় একদল লোক হামলা চালিয়ে মাজারের তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে ফেলেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




প্রতিবছর মাসকা বাজারসংলগ্ন এ মাজারে ওরস অনুষ্ঠিত হয়। এবার রমজান মাস থাকায় শুধুমাত্র দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা নেয় মাজার কমিটি। প্রস্তুতি হিসেবে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতা’ ব্যানারে একদল লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা মাজার এলাকায় এসে হামলা চালিয়ে তোরণ ও আলোকসজ্জা ভেঙে ফেলে।

হামলার খবর পেয়ে ভক্তরা মাজারে জড়ো হতে থাকেন। পরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাজার কমিটির সভাপতি আলী উছমান বলেন, ‘বহু বছর ধরে এখানে ওরস হয়ে আসছে। এবার শুধু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। তবুও কিছু লোক তৌহিদি জনতার নামে এসে হামলা চালিয়েছে।’

ওসি মিজানুর রহমান জানান, ‘ওরস আয়োজনে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

#নেত্রকোনা #মাজার_হামলা #ওরস #তৌহিদি_জনতা #নিরাপত্তা



মন্তব্যসমূহ