তেঁতুলিয়া নদীতে তরমুজের ট্রলারে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজভর্তি ট্রলারে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।




ডাকাতদের হামলায় ট্রলারের তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, গলাচিপার চরকাজল গ্রামের তরমুজচাষি শহিদুল ইসলাম (৫৮), ডাকুয়া গ্রামের মেহেদী হাসান (৩৪) ও ট্রলারের চালক সেলিম মাঝি (৫৭)।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে শহিদুল ইসলাম ১০ হাজার তরমুজ নিয়ে চরকাজল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৩:৩০টার দিকে তালতলী মোহনায় সাত-আটজনের একদল সশস্ত্র ডাকাত ট্রলার নিয়ে তরমুজভর্তি ট্রলারকে ধাওয়া করে। ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এসে তারা ট্রলারের নিয়ন্ত্রণ নেয় এবং তিনজনকে কুপিয়ে আহত করে।

ট্রলারের লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় এক ডাকাত ধরা পড়লে তাকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ ভোরে আহত ডাকাতসহ সবাইকে উদ্ধার করে।

গুরুতর আহত ডাকাতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানিয়েছেন, তদন্তের স্বার্থে নিহত ডাকাতের পরিচয় গোপন রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

#Bauphal #WaterwayRobbery #TetuliaRiver #CrimeNews



মন্তব্যসমূহ