দেশব্যাপী ধর্ষণ ও সহিংসতার বিচার, বিশেষ করে মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের শাস্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্রনেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কাফনমিছিল করেছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন মামলায় অভিযুক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কিন্তু বর্তমান সরকারও জনদাবিকে উপেক্ষা করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হচ্ছে।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন প্রশ্ন তুলেছে। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তবে এর বিরুদ্ধে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
পরে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
কাফনমিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সীমা আক্তারসহ অনেকে।
ট্যাগ: #ধর্ষণের_বিচার #ছাত্র_আন্দোলন #স্বরাষ্ট্র_উপদেষ্টা #বিচার_চাই #কাফনমিছিল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন