কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করলে মিলবে মোটা অঙ্কের পুরস্কার! সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, তাদের ডায়নামিকস ৩৬৫ ও পাওয়ার প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট নির্দিষ্ট সেবা ও পণ্যের দুর্বলতা শনাক্ত করলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবে।
পাওয়ার প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবসায়িক প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি ডেটা বিশ্লেষণ ও অটোমেশন সুবিধা দেয়। অন্যদিকে ডায়নামিকস ৩৬৫ মূলত গ্রাহক ব্যবস্থাপনা, পণ্য সেবা এবং কর্মী কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।
মাইক্রোসফট জানিয়েছে, মডেল ম্যানিপুলেশন, ইনফারেন্স ম্যানিপুলেশন অথবা ইনফারেনশিয়াল ডেটা লিকের মতো নিরাপত্তা ত্রুটি প্রমাণসহ শনাক্ত করতে পারলে পুরস্কার হিসেবে ৫০০ থেকে শুরু করে ৩০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। তবে পুরস্কারের পরিমাণ নির্ভর করবে ত্রুটির গুরুত্ব, প্রভাব এবং জমা দেওয়া রিপোর্টের মানের ওপর।
উল্লেখ্য, গত বছর মাইক্রোসফট তাদের 'ইগনাইট' সম্মেলনে 'জিরো ডে কোয়েস্ট' নামের একটি বিশেষ হ্যাকিং ইভেন্ট আয়োজন করেছিল। যেখানে গবেষকরা ৬০০টিরও বেশি নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করেছিলেন এবং তাদের পুরস্কার হিসেবে ১৬ লাখ ডলার ছাড়িয়ে দেওয়া হয়েছিল। মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের ভাইস প্রেসিডেন্ট টম গ্যালাঘার এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া চলতি বছর কোপাইলট নামক এআই চ্যাটবটের মাঝারি মাত্রার ত্রুটি শনাক্তের পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। একইসঙ্গে কোপাইলটসহ অন্যান্য এআই পণ্যের দুর্বলতা খুঁজে বের করার জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, যাতে গবেষকরা এআই নিরাপত্তা গবেষণায় আরও বেশি অনুপ্রাণিত হন।
ট্যাগ:
#AI #Microsoft #CyberSecurity #BugBounty #TechnologyNews #EthicalHacking #SmartVerseBD
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন