ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির রুট পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত র্যালি হওয়ার কথা থাকলেও এখন সিদ্ধান্ত পরিবর্তন করে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে।
এ আয়োজনটি বাস্তবায়নে ভূমিকা রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামি বক্তা ও সমাজের নানা স্তরের বিশিষ্টজনেরা।
ফেসবুকে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম ‘মার্চ ফর গাজা’ ইভেন্ট চালু করেছে, যেখানে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৭৩ হাজার মানুষ আগ্রহ প্রকাশ করেছেন এবং ৬,৩০০ জন সরাসরি অংশগ্রহণের ইচ্ছা জানিয়েছেন। আয়োজকেরা আশা করছেন এটি হবে ঢাকায় ফিলিস্তিনের প্রতি সংহতির সবচেয়ে বড় আয়োজন।
এই কর্মসূচির মূল আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, দুপুর ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে। মিছিল শুরু হবে দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার ও নীলক্ষেত থেকে এবং সেখান থেকে জমায়েতের স্থান সোহরাওয়ার্দীতে মিলিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্চ থেকে বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং ইসরায়েলবিরোধী পদক্ষেপ গ্রহণে শপথ নেওয়া হবে। শেষ হবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে।
গণজমায়েত উপলক্ষে আয়োজকেরা কয়েকটি নির্দেশনা দিয়েছেন—
১. অংশগ্রহণকারীরা যেন নিজ দায়িত্বে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখেন।
২. রাজনীতি ও দলীয় প্রতীকের ব্যবহার না করে শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ও সৃজনশীল প্ল্যাকার্ড বহন করা যাবে।
৩. শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে এবং কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা রোধে সচেষ্ট থাকতে হবে।
৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এই কর্মসূচিকে ঘিরে ইসলামী চিন্তাবিদ, আলেম, সমাজসেবক, রাজনীতিবিদ এবং তারকারাও ভিডিও বার্তার মাধ্যমে সংহতি জানিয়েছেন। এদের মধ্যে আছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইউটিউবার এনায়েত চৌধুরী, টেন মিনিট স্কুলের আয়মান সাদিক, অভিনেতা তামিম মৃধা প্রমুখ।
ট্যাগস:
#MarchForGaza #FreePalestine #DhakaRally #SolidarityWithPalestine #GazaProtest #SuhrawardyUdyan #BangladeshForPalestine #প্যালেস্টাইন #মানবতা #গণজমায়েত #IslamicUnity
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন