হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার প্রায় ২.৫ কোটি স্মার্টফোন আক্রান্ত !



হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘ফ্যাটবয় প্যানেল’ নামের ভয়ংকর একটি ম্যালওয়্যার প্রায় ২.৫ কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম। প্রতিষ্ঠানটির মতে, প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে ভুয়া লিংক পাঠাচ্ছে। ওই লিংকে ক্লিক করলেই একটি এপিকে (APK) ফাইল ডাউনলোড হয়ে যায়, যার মাধ্যমে ‘ফ্যাটবয় প্যানেল’ ব্যবহারকারীর ফোনে প্রবেশ করে।

ম্যালওয়্যারটি একবার ইনস্টল হলেই ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গোপনে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) সংগ্রহ করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে সক্ষম হয়। জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ইনস্টল হওয়ার পর নিজেকে আড়াল করে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট ফিচার নিষ্ক্রিয় করে দেয়, ফলে ব্যবহারকারী সহজে তা বুঝতে পারেন না।

এছাড়া, এটি একটি শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল (C&C) সার্ভারের সঙ্গে যুক্ত থাকে, যার মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকে একাধিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে।

জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও জানিয়েছেন, সরকারি বা ব্যাংক প্রতিনিধির পরিচয়ে আসা ভুয়া এপিকে ফাইল ডাউনলোড করলেই ব্যবহারকারীরা বড় বিপদের মুখে পড়েন। এখনো অনেকে প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইন্সটল করার ঝুঁকির ব্যাপারে সচেতন নন বলে তিনি উল্লেখ করেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অচেনা লিংক থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করার পাশাপাশি, সবসময় গুগল প্লে প্রোটেক্ট চালু রাখার। মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত রাখা এবং প্রতিটি অ্যাপ কোন কোন ডেটা ব্যবহারের অনুমতি নিচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শও দিয়েছেন তারা।


ট্যাগসঃ

#সাইবার_নিরাপত্তা #হোয়াটসঅ্যাপ #ম্যালওয়্যার #ফ্যাটবয়_প্যানেল #স্মার্টফোন_ঝুঁকি #টেকনিউজ #সাইবারআক্রমণ #অনলাইন_সতর্কতা



মন্তব্যসমূহ